পাবনার ব্যবসায়ী ছায়েদার মালিথা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান এই রায় দেন। রায়ে অভিযেগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন পাবনা সদর উপজেলার গাফুরিয়াবাদ গ্রামের আনোয়ার আহমেদ স্বপন মালিথা, পৌর সদরের চক ছাতিয়ানি মহল্লার আশিক মালিথা, একই মহল্লার আলিফ মালিথা, কাশিপুর গ্রামের রিপন খান মালিথা, গোপালপুর মাটি সড়ক মহল্লার নুরুজ্জামান রাকিব মালিথা, একই এলাকার ইয়াসিন আরাফাত ইস্তি মালিথা, হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা, রঞ্জু মালিথা ও জনি মালিথা।
মামলার এজাহারে বলা হয়েছে, পাবনার হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার সাথে তার চাচাতো ভাই ছায়েদুর রহমান মালিথার ব্যবসা ও জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এই বিরোধকে কেন্দ্র করে ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ছায়েদার রহমান মালিথা নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে পাবনায় হত্যা মামলা দায়ের করলে ২১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, মামলার আসামিদের মধ্যে আলাউদ্দিন মালিথা সহ ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার দুপুরে বিচারক ৯ জনকে মৃত্যুদন্ড, ৫ জনকে যাবজ্জীবন এবং ৭জনকে বেকসুর খালাস দিয়েছে।