সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রয়োজনীয় সংস্কার হয়ে গেলে অংশগ্রহণমূলক নির্বাচন করবো: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা আমাদের এজেন্ডার শীর্ষে রয়েছে। আমি জনগণকে আশ্বস্ত করেছি, একবার নির্বাচন পরিচালনায় আমাদের ম্যান্ডেট পূরণ হয়ে গেলে এবং প্রয়োজনীয় সংস্কার করা হলে, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবো। বাংলাদেশকে পুনর্গঠনের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের, সে নারী হোক কিংবা ধর্মীয় সংখ্যালঘু অথবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য হোক না কেনও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাবো।  শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


প্রধান উপদেষ্টা বলেন, কমিশনগুলো ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে, যা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। স্বতন্ত্র কমিশনগুলোর পেশ করা সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য আমি আমার নেতৃত্বে এবং ছয়টি কমিশনের প্রধানদের সমন্বয়ে সাত সদস্যের একটি ‘জাতীয় ঐক্যমত্য কমিশন’ গঠন করেছি। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম ও নারী অধিকারের বিষয়ে নীতি সুপারিশ করতে আমরা সম্প্রতি চারটি অতিরিক্ত কমিশন গঠন করেছি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ তার ইতিহাসে পুনর্জন্ম প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করা ছাত্রনেতারা ইতিহাসের এই ক্রান্তিলগ্নে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার কাছে আবেদন জানিয়েছিলেন। আমি আমাদের জনগণের স্বার্থে দায়িত্ব নিতে রাজি হয়েছি।

এসময় তিনি মায়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের ফলে প্রাণহানির ঘটনায় থাইল্যান্ড ও মায়ানমারের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শোক ও গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


এই বিভাগের আরো খবর