রাজ্যে সরকার বদলেছে। যা প্রয়োজন, এ বার রেলকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে জমি কিনে রেলের হাতে তুলে দেওয়া হবে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে বসিয়ে সে কথাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রেলমন্ত্রীর সঙ্গে একযোগে কটাক্ষ করলেন পূর্বতন তৃণমূল সরকারকে। মুখ্যমন্ত্রী জানালেন, তাদের অসহযোগিতার কারণেই আটকে ছিল উন্নয়নমূলক প্রকল্প। এ বার সেই সুবিধা পাবেন রাজ্যবাসী। রাজ্যে ইতিমধ্যে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে চেপে ছ’ঘণ্টায় পৌঁছোনো যাবে দিল্লি।