মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

বিপিএলে পাওনা টাকা নিয়ে রাজশাহীর বর্তমান অবস্থান কী?

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বুধবারের অনুশীলন বাতিল করে সারাদিন হোটেলে কাটিয়েছেন। তাদের অনেককেই চেক দেওয়া হলে, তা বাউন্স হয়ে ফেরত এসেছে। শুধু পারিশ্রমিকই নয়, খেলোয়াড়রা দৈনিক ভাতাও পাচ্ছেন না ১০ দিন। এই নিয়ে গতকাল চট্টগ্রামে দিনভর নাটক মঞ্চস্থ হয়েছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা মধ্যরাতে জানিয়েছেন পাওনা টাকার কারণে অনুশীলন বাতিল হয়নি। গতকালকের সিডিউলে বিশ্রামই নাকি ছিল না। যদিও দলের ম্যানেজার জানিয়েছেন উল্টো কথা। পারিশ্রমিক না পাওয়াতে তারা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন!

তবে রাজশাহীর এই কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন কিছুটা বিলম্ব হয়েছে পারিশ্রমিক দিতে। দেরির কারণও জানিয়েছেন তিনি। মূলত রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের একটি ছক্কা গিয়ে লেগেছিল দুর্বার রাজশাহীর মালিকের স্ত্রীর শরীরে। সেই ঘটনায় তিনি আহত হন এবং চিকিৎসা নিতে যান থাইল্যান্ডে। এ কারণেই নাকি সময়মতো রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া যায়নি!

ক্রিকেটাররা যে চেক বাউন্স হওয়ার অভিযোগ করেছেন, সেটার বিষয়েও যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন দুর্বার রাজশাহীর এই কর্মকর্তা, ‘চেক বাউন্সের ব্যাপারটা হলো, যেই ম্যাচে আমাদের দলের কর্ণধারের স্ত্রী মাঠে ছিলেন, ওই ম্যাচে সাইডলাইনে বসে থাকা অবস্থায় একটি বল আঘাত করে ওনার শরীরে। একটা হাড়ে চিড় ধরা পড়ে। তাই দ্রুত তাকে ব্যাংকক নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তিনি সেখানেই ছিলেন।’

গতকালকের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে, খেলোয়াড়রা শুক্রবারের ম্যাচ বয়কটেরও হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সন্ধ্যায় দুর্বার রাজশাহীর মালিক, অফিসিয়ালদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন একাধিক ক্রিকেটার। পরে অবশ্য বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি পরিস্থিতি সম্পর্কে জানান। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পারিশ্রমিক না পাওয়ার বিষয়টির সমালোচনা করেন অপি। দেশের সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলে। বিপিএল তাদের আয়ের বড় উৎস। ৩ তারিখে পেমেন্ট হওয়ার কথা ছিল। খেলার মাঠেই তার স্ত্রী অসুস্থ হন। বুকে বলের আঘাত লাগে। তিনি দেশের বাইরে যাওয়ায় পেমেন্ট দেরি হয়। গতকাল কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যেই ২৫ শতাংশ পেমেন্ট হয়ে যাবে।’

অনুশীলন বর্জনের প্রসঙ্গ টেনে অপি আরও বলেছেন, ‘বিপিএল আয়ের উৎস, আয় না থাকলে মান-অভিমান চলে আসে। সেখান থেকে খেলোয়াড়রা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা তাদের বিশ্রামের জন্যই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি। পেমেন্ট হয়ে যাওয়া মাত্রই… খেলোয়াড়দের আয়ের উৎস ভালো থাকলে মাঠে পারফরম্যান্সে প্রতিফলন ঘটে।’

শুধু পারিশ্রমিক ইস্যুই নয়, ব্যবস্থাপনাতেও ব্যাপক ‘দুর্বল’ রাজশাহী। অপি জানালেন ক্রিকেটারদের কিট ব্যাগও নেই! তার ভাষায়, ‘কিট ব্যাগ ভারত থেকে অর্ডার করেছিলাম। হেলমেট, প্যাড ও গ্লাভস এসেছে। কিট ব্যাগ আনা হয়নি। বড় একটা কারণ ছিল- ইমিগ্রেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। অন্যান্য দল হয়তো আরও আগে থেকে শুরু করেছিল। আমরা অনেক দেরিতে শুরু করেছি, বিপিএল যখন ঘনিয়ে আসে, তখন অর্ডার করি।’


এই বিভাগের আরো খবর