বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীবরদীর বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিট এলাকায় প্রায় ৪০ থেকে ৪২টি বন্যহাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষের সঙ্গে সোনাঝুড়ি এলাকার বনের ভেতরে হাতির ভিডিও করতে যান। একপর্যায়ে তিনি সামনে এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ একটি বন্যহাতির সামনে পড়ে যান। তখন হাতিটি পা দিয়ে তার মাথা পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
এদিকে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।