সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

‘মানবিক করিডোর’ দিয়ে দেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না: রিপন

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের জনগণকে নিরাপত্তাহীন করবেন না।বুধবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে ‘রাখাইন পরিস্থিতি: মানবিক করিডোর এবং বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।আসাদুজ্জামান রিপন বলেন, আমরা শুনলাম ড. ইউনূসের  অন্তর্বর্তীকালীন সরকার রাখাইন রাজ্যগুলোতে ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর দিচ্ছে। এই মানবিক করিডোর কী? মানবিক করিডোরটা হচ্ছে— যখন পাশের রাজ্যে, পাশের দেশে গৃহযুদ্ধ, রক্তারক্তি হয়, তখন সে দেশের  সাধারণ জনগণকে নির্গমনের জন্য রাস্তা করে দেওয়া হয়। এই ধরনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি। কিন্তু একটি করিডোরও রক্তারক্তি ছাড়া মুক্তি পায়নি। সব মানবিক করিডোর অমানবিক অবস্থায় পতিত হয়েছে। সুতরাং, বাংলাদেশের যে মানবিক করিডোর দেওয়াও হচ্ছে, এটা বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের জন্য সুখকর নয়।

সরকারের উদ্দেশে রিপন আরও বলেন, স্টারলিংক বাংলাদেশে আনতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু বাংলাদেশে কোনও কোম্পানির মাধ্যমে আনতে হবে। সরকারি কোম্পানির টেলিটক আছে তাদের মাধ্যমে আনতে পারেন। ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণফোন আছে তাদের মাধ্যমে আনতে পারেন। কিন্তু সরাসরি স্টার লিংককে এদেশে আনতে দেওয়া যাবে না। আমাদের দ্রুত গতির ইন্টারনেট দরকার তবে দেশ বিক্রি করে নয়। স্টারলিংক সরাসরি ব্যবসা করলে এ দেশ থেকে কোন তথ্য নিয়ে যাবে, কোথায় কোন উসকানি দেবে, এটা কিন্তু আমরা জানি না। তাই স্টারলিংককে এককভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই চুক্তি সংশোধন করুন।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন— সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর