মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা মানিক দাফনে বাধায় জড়িতদের শাস্তির দাবী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা এবং দাফনে বাধা দেয়ার প্রতিবাদে  রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহীর মুক্তিযোদ্ধা কমান্ড। আজ সোমবার দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা  আব্দুস সামাদ।

বক্তারা বলেন, জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ৮৭ বছর বয়সে মারা যান। রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার ও জানাযা শেষে দাফন হবে এটাই স্বাভাবিক। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি জামাত-শিবির সেই শ্রেষ্ঠ সন্তানকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দানে বাধা, জানাজা ও দাফনে নগ্ন হামলায় মুক্তিযোদ্ধারা ক্ষোভে মূহ্যমান ও বিস্মিত, সেই সাথে সরকারের নীরবতা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের নীরব ভূমিকায় হতবাক। দেরিতে হলেও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আহবানে মুক্তিযোদ্ধারা উজ্জীবিত। সরকারের নিকট আমাদের দাবি অনতিবিলম্বে পিরোজপুর জেলার সাংসদের সদস্য পদ বাতিল ও অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি।

মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের আর্থিক অস্বচ্ছলতার কথা তুলে ধরে বক্তারা বলেন.  বর্তমান দুর্মূল্যের বাজারে মুক্তিযোদ্ধারা পরাজিত। তাদের যে সম্মানী ভাতা দেওয়া হয় তা অপ্রতুল। বয়সের ভারে সবাই প্রায় অসুস্থ। চিকিৎসা ও সংসার চালানো অত্যন্ত কষ্টকর, বিধায় চিকিৎসা ভাতাসহ সম্মানী ভাতা কমপক্ষে ৫০ হাজার টাকা হওয়া আবশ্যক। বিষয়টি সরকারের নিকট বিশেষ বিবেচনার দাবি জানান তারা।

 


এই বিভাগের আরো খবর