কম্পাসে গান গেয়ে ভোট চাইতে দেখা গেছে রাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী কে এস কে হৃদয়কে। বলেন, ‘আমরা আসলে গানেরই মানুষ। গানের মাধ্যমেই মানুষের কাছে সবচেয়ে সহজে পৌঁছানো যায়। আমি চাই এই ক্যাম্পাসে সর্বদা সংস্কৃতি বিকশিত হোক। নির্বাচিত হলে পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করাই হবে আমার প্রধান লক্ষ্য।’
অন্যদিকে পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক পদপ্রার্থী শরিফুল ইসলাম প্রচারণায় ব্যবহার করছেন মুদ্রার আদলে লিফলেট। তিনি বলেন, ‘টাকার মতো প্রচারপত্র সহজেই সবার নজরে আসে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু ভিন্নভাবে বার্তা পৌঁছে দিতে চেয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী ফাহির আমিন প্রচারণায় এনেছেন জমির দলিল, হলফনামা ও ডাকটিকিটের আদলের লিফলেট। এগুলো প্রথমে আইনি কাগজপত্র মনে হলেও শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচনে অভিনব প্রচারণা দেখে তাঁরা আনন্দ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, ‘প্রার্থীরা যে লিফলেট দিয়ে প্রচারণা করছেন, সেগুলো এতটাই আকর্ষণীয় ও অভিনব যে হাতে পেলেই ভালো লাগে। এগুলো শুধু প্রচারণার উপকরণ নয়, অনেকটা সংগ্রহে রাখার মতো স্মারক বলেই মনে হয়। এর মাধ্যমে প্রার্থীরা নিজেদের ভাবনা ও পরিকল্পনা যেভাবে উপস্থাপন করছেন, তা সত্যিই শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছে।’