আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেক ২০০৫ সালে। তার পর থেকে ১৯২ ম্যাচে ১১২ গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ খরা ঘুচিয়েছে দল। তাছাড়া ২০০৮ সালে ঘরে তুলেছে বেইজিং অলিম্পিক। তবে সময় যত গড়িয়েছে তাকে ছাড়া মানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। মার্চে ইনজুরির জন্য খেলতে পারেননি। কিন্তু তাকে ছাড়াই আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। তখনই তারা মূল পর্ব নিশ্চিত করেছে। দীর্ঘ বিরতির পর এবারের বাছাই পর্বের ম্যাচে ফিরলেও খেলেছেন বদলি হয়ে। গত সপ্তাহে তারা ওই ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে। তাই স্ক্যালোনি বলেছেন, ‘আগের মতো সেই প্রয়োজনটা (মেসি নির্ভরতা) এখন আর নেই। দল কিন্তু আগের মতোই কাজ করছে, এটা ভালো।’
আর্জেন্টিনা এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করলেও বাছাইয়ে ষষ্ঠস্থানে রয়েছে কলম্বিয়া। সরাসরি জায়গা পেতে এটাই সর্বনিম্ন স্থান। এখন সাতে থাকা ভেনেজুয়েলা থেকে ব্যবধান বাড়াতে এই ম্যাচে ভালো করতে মরিয়া তারা। তাছাড়া গত সেপ্টেম্বরে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে এই কলম্বিয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। কলম্বিয়াকে নিয়ে তাই সতর্ক স্ক্যালোনি, ‘দারুণ দল, খেলোয়াড়ও সব দারুণ। তাছাড়া তাদের খেলার ধরণও স্পষ্ট, যেটা সমস্যায় ফেলে দিতে পারে।’
তিনি ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমরা সেসব বিশ্লেষণ করেছি। ছেলেদের আমরা ওদের শক্তির জায়গা এবং কোথায় আমরা ফায়দা নিতে পারি সেসব দেখিয়েছি। ভালো একটা ম্যাচ হবে, বিশেষ করে দেশের মাঠে যেহেতু খেলছি, আমাদের দর্শকরাও নিজেদের ফুটবলারদের খেলা দেখতে পারবে।’







