লালমনিরহাটের পাটগ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
জনসভায় যোগ দিতে ইতোমধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দলে দলে লোকজন আসছেন। বিকেলের অনুষ্ঠান ঘিরে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জনসভায় রংপুর অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
জামায়াত নেতারা বলছেন, এই জনসভার মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জনগণকে উজ্জীবিত করতে চান। তাদের দাবি, গণমানুষের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে একটি বৃহত্তর আন্দোলনের সূচনা করতে চায় দলটি।
রংপুর বিভাগের ৩৩টি আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যেও আজকের জনসভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা।