সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

রাজশাহী ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রাজশাহী ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরমধ্যে রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল তিনটার থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে নগরীর বিহাস মোড়, পবার কাটাখালী ও পুঠিয়া ধাদাস এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনাগুলোতে নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী। এছাড়া একজন স্কুল ও অপরজন কলেজছাত্র। নিহতরা হলেন, রাজশাহী নগরীর মৌলভী বুধপাড়া এলাকার মো. সাকলাইনের ছেলে স্কুলছাত্র মো. সাদিক (১৫), বেলপুকুর চেকপোস্ট এলাকার আব্দুল খালেকের ছেলে আলিফ (১৮)। তিনি বেলপুকুর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী। এছাড়া পবার কাটাখালীর বাখরাবাজ এলাকার রবিউল ইসলামের সালেহ আহমেদ (২৫)।

এছাড়া, সোমবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী নগরীর বিহাস মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সালেহ আহমেদ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি কাটাখালী বাজারের দিক থেকে বুধপাড়া ফ্লাইওভারের দিকে যাচ্ছিলেন। পথে বিহাস মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী সালেহ আহমেদের মৃত্যু হয়েছে। তবে আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ি চলে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।

অপরদিকে, সন্ধ্যা সাতটার দিকে পুঠিয়ার বেলপুকুরে ধাদাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আলিফ (১৮) আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কলেজছাত্র আলিফের মরদেহ হাসপাতালের ম্যরচুয়ারিতে রয়েছে।

এ বিষয়ে বেলপুকুর থানার ডিউটি অফিসার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে। এই দুর্ঘটনার কারণ জনতে কাজ করছে পুলিশ।এদিকে নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পলাশ নামে একজন গুরুতর আহত হন।জানা যায়, নিহত আব্দুর করিম উপজেলার নজিপুর ইউনিয়নের রঘুনাথপুর (যোগীবাড়ি) গ্রামের এনাদুল ইসলামের ছেলে। তিনি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার নওগাঁ রোডের কাল্লাকাটি (পুঁইয়া) মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে করিমকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত পলাশকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি দ্রুতগতির পিকআপ গাড়ি পুঁইয়া-কাল্লাকাটি নামক এলাকায় একটি গরুকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। এসময় গাড়িটি বন্ধ করে ঘটনাস্থল হতে চালক পালিয়ে যায়।এ ঘটনাটি জানাজানি হলে নিহতের পরিবার, পাড়া-প্রতিবেশী, আত্মীয় ও বন্ধু-বান্ধবদের মধ্যে চলছে এখন শোকের মাতম।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে যায়। এছাড়াও নিহত পরিবারের পক্ষে মামলা না করায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।


এই বিভাগের আরো খবর