বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা দিয়েছে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। রাত ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীর কাছে এসে এই ঘোষনা দেন তিনি। এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে আটকে পড়া প্রায় দুই শতাধিক কর্মকর্তা কর্মচারী অবমুক্ত হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবীতে প্রশাসন ভবনে সকাল থেকে তালা ঝুলিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে রাতে পৌনে ১০টা পর্যন্ত তারা তাদের দাবীর প্রতি অনড় থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বশরীরে এসে কোটা বাতিলের ঘোষনা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দেয়।
এদিকে প্রশাসন ভবনে তালা দেয়ার ফলে সকাল ১০টা থেকে নারী কর্মকর্তা ও কর্মচারী এবং দুই প্রো-ভিসি সহ প্রায় ২শ কর্মকর্তা কর্মচারী সেখানে আটকা পড়ে। এদের মধ্যে অনেকেই অসুস্থ্য হয়ে পড়েন। এর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করে। তারা ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে শক্ত অবস্থান নিলে সন্ধ্যার পর থেকে থেমে থেমে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব প্রশাসনিক ভবনের সামনে গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিলের দাবী মেনে নেন তিনি। এসময় তিনি বলেন চলতি ভর্তি পরীক্ষা থেকেই পোষ্য কোটা আর থাকবে না। শিক্ষার্থীদের ভর্তি ফি কমানোর ব্যাপারে আগামী রোববার ও সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। এরপর রাত ১০টার দিকে উপাচার্যের দাবী মেনে নেয়ার কারণে ছাত্ররা হলে ফিরে যায়। এরপরই প্রশাসনিক ভবনে আটকে পড়া দুই প্রো-ভিসি সহ অন্যরা মুক্ত হন।

এর আগে পূর্বে ঘোষিত কর্মসূচি অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় বোষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবী আদায়ের লক্ষে গত রাতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়। ছাত্ররা আজ সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত সময় বেধে দিয়েছিল। এসময়ের মধ্যে দাবী না মানায় সকাল ১০ টায় তালা ঝুলিয়ে দেয়। এর আগে ১০ মিনিট সময় দেয়া হয় কর্মকর্তা কর্মচারীদের প্রশাসনিক ভবন থেকে বের হওয়ার জন্য। কিন্তু তারা কেউ বের হয়নি।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে সমন্বয়ক সালাউদ্দিন আম্বার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা রেখে ২০২৪-২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা বিগত ১ মাস যাবত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রশাসনকে সময় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ২৪-২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক সিলেকশন শুরু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারী। তাই আমরা ফাইনাল একটি সিদ্ধান্তে আসার জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম আগামীকাল ২জানুয়ারী পর্যন্ত। তার প্রেক্ষিতে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ১% কোটা রাখার সিদ্ধান্তর কথা জানিয়েছে। রাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ছাত্ররা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং আমরা আমাদের আল্টিমেটামের ওপরেই অনড় আছি।

 

 


এই বিভাগের আরো খবর