রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ভূমিসেবা মেলা শুরু ১৯ মে হতে 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত রাজশাহীতে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । আজ রোববার দুপুর সাড়ে ১২টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০ টা থেকে তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান রাজশাহী বিভাগস্থ সকল জেলা ও উপজেলার সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসসমূহে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। এর অংশ হিসেবে বিভাগীয় প্রশাসন, রাজশাহীর তত্ত্বাবধানে বিভাগের বিভাগীয় শহর, অন্তর্গত সকল জেলা শহর ও উপজেলা পর্যায়ে একযোগে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা আয়োজিত হতে যাচ্ছে।
মেলা চলাকালীন বিভাগীয় প্রশাসনের আওতাধীন প্রত্যেক উপজেলায় সুবিধাজনক সময়ে ও স্থানে গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ/সমাজকর্মী/বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ/সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে ব্যাপক প্রচারের মাধ্যমে অংশগ্রহণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ভূমি মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হটলাইন সেবা (১৬১২২) এর পাশাপাশি রাজশাহী বিভাগীয় প্রশাসনের আওতাধীন জেলাসমূহের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ভূমি সেবা প্রাপ্তিতে যে কোন ধরণের হয়রানি ও অনিয়মের বিষয়ে অভিযোগ প্রদানের নিমিত্ত রাজশাহী বিভাগীয় প্রশাসন কর্তৃক চালুকৃত হটলাইন নম্বর ০১৭০৬৮৮৮৭৮৭-এর উপযোগিতা সম্পর্কেও জনসাধারণকে সচেতন করা হবে। এছাড়াও প্রতিটি জেলার জেলা সদরের অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত চালুকৃত হোয়াটসএ্যাপ নাম্বার সম্পর্কেও জানানো হবে।

মেলায় স্থাপিত স্টলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC (Land Service Facilitation Centre)-এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টিও উপস্থাপন করা হবে। মেলা চলাকালীন ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য সেবা বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় হতে সরবরাহকৃত সহজপাঠ্য ও স্বয়ংসম্পূর্ণ বুকলেট “ভূমি আমার ঠিকানা” সেবা গ্রহীতাদের মাঝে বিতরণ করা হবে।

মেলায় সেবা গ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।
মেলায় সেবা বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রমসমূহ যেমন সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়ীতে বসেই অধিকাংশ ভূমি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন দলিল ও ই-নামজারি সেবা সকল স্তরের জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা প্রদান করা হবে।
প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ড. চিত্রলেখা নাজনিনসহ অন্যান্য ককর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরো খবর