সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাজশাহীতে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক :
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ রাজশাহীতে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর অভিষেকের দিন শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এই প্রথম লংকানদের হারাল টাইগ্রেসরা। এর আগে চার ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।

এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৪ ওভারে ৬৮ রানের সূচনা করেন সফরকারীদের দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। অধিনায়ক পেরেরা ২৭ রানে থামলেও, হাফ-সেঞ্চুরি তুলে নেন দুলানি।

৭২ রানে ২ উইকেট পতনের পর আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়ে শ্রীলংকা। তৃতীয় উইকেটে হানসিমা করুনারত্নের সাথে ৫২ রান যোগ করেন দুলানি। দুলানি ৫২ ও করুনারত্নে ৫৪ রানে থামেন।

৩৭ ওভারে ৩ উইকেটে ১৬০ রান তুলে ভালো অবস্থায় ছিল শ্রীলংকা। কিন্তু বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুন্যে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি লংকানরা।

৩৬ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার রিতু মনি। এছাড়া নাহিদা আক্তার ২টি, মারুফা আক্তার-সুলতানা খাতুন-রাবেয়া খান ও সোবহানা মোস্তারি ১টি করে উইকেট নেন।

জবাবে ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। জুরাইরিয়া ফেরদৌস ৫ ও শারমিন সুলতানা শূন্য হাতে ফিরেন। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা ১৩ রানে থামলে বাংলাদেশের বিপদ বাড়ে। ৩৪ রানে ৩ উইকেট পতন হয় স্বাগতিকদের।

এরপর চতুর্থ উইকেটে সোবহানার সাথে ৮৭ এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন শারমিন আক্তার। ৩ উইকেটে ১৯৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু এরপর ১১ বল ও ১ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ৭ উইকেটে ২০০ রানে পরিণত হয় বাংলাদেশ।

তবে অষ্টম উইকেটে ৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাহিদা ও সুলতানা খাতুন। নাহিদা ৩ ও সুলতানা ১ রানে অপরাজিত থাকেন।

১৩টি চারে ১২৭ বলে ৮৬ রানের ইনিংসে বাংলাদেশের জয়ের নায়ক শারমিন। সোবহানা ৪১ রানে আহত অবসর ও স্বর্ণা ৪১ রান করেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান শারমিন।

একই ভেন্যুতে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর