রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীর বাজারে শীতের পোশাক, ফুটপাতে বিক্রি জমজমাট

আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

দরজায় কড়া নাড়ছে শীত। ইতোমধ্যে রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। রাজশাহীতে দিনের বেলায় শীতের আমেজ  তেমন না থাকলেও রাত থেকে সুর্য্য উঠার আগে শীতের পোশাক পড়তে বাধ্য হচ্ছে। এসময় ঘরের বাইরে গেলে গরম পোশাক ও  চাদর জড়াতে হচ্ছে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। রাজশাহী বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। সপ্তাহখানেক আগে থেকে বেচাবিক্রিও শুরু হয়েছে। শপিং মলেও এখন শীতের কাপড়ের বেচাকেনা ভালোই চলছে।বিকাল থেকে রাত অবধি  বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকানগুলো। বিশেষ করে নগরীর সাহেব বাজার, গণকপাড়া, কোর্ট, নিউমার্কেটের আশপাশ, বিন্দুর মোড়ে, স্টেশন মার্কেটে এমন চিত্র দেখা যায়।

 ব্যবসায়ীরা জানায়, গত বছরের তুলনায় এবার শীতের পোশাক পাইকারি হিসেবে বেশি দরে কিনতে হয়েছে। বেচাবিক্রিও মোটামুটি ভালো। শীত বাড়লে বেচাবিক্রি আরও বাড়বে।ফুটপাত থেকে সন্তানের জন্য শীতবস্ত্র কিনতে এসেছেন রাহিমা আক্তার নামের একজন গৃহিণী। তিনি বলেন, শীত শুরুর আগেই বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। তাই আগেভাগেই কিনে ফেলছি। সাতশো টাকার মধ্যে তিন বাচ্চার শীতের পোশাক কিনে ফেলেছি।

ফুটপাত থেকে নিজের জন্য সোয়েটার কিনতে আসা মহিউদ্দিন নামে একজন রিকশাচালক বলেন, দিনে শীত না পড়লেও রাতে রিকশা চালাতে ঠান্ডা লাগে। তাই একটা সোয়েটার কিনতে এসেছি। কিন্তু দাম চাইছে তিনশ’ টাকা। দুইশ’ টাকা বলছি, কিন্তু দোকানদার কোনোভাবেই দিচ্ছে না।


এই বিভাগের আরো খবর