দলের সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। মূল অধিনায়কের অনুপস্থিতিতে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও তার আছে। তবে রোহিত শার্মার উত্তরসূরি বাছাইয়ের বিবেচনায় তিনি একটু পেছনে পড়ে গেছেন। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে আপাতত জোর সম্ভাবনা শুবমান গিলের।
আইপিএলের ব্যস্ততার মধ্যেই বুধবার রাতে রোহিত জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। আগামী মাসের ইংল্যান্ড সফর থেকেই তাই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে ভারত। আইপিএল শেষে এই মাসের শেষ দিকে ঘোষণা করা হতে পারে ইংল্যান্ড সফরের দল।
নতুন অধিনায়ক চূড়ান্ত হতে পারে এর আগেই। রোহিতের অনুপস্থিতিতে নানা সময়ে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। এর মধ্যে দুটি সবশেষ অস্ট্রেলিয়া সফরে। তার নেতৃত্বগুণ চোখে পড়েছে আলাদা করে। নিজের বোলিংও ছিল দুর্দান্ত। তবে এই ফাস্ট বোলারের সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তার শরীর।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র ভাবনায় রেখে দীর্ঘমেয়াদি অধিনায়ক বাছাইয়ের পথেই হাঁটবে ভারতীয় দলের নীতি-নির্ধারকরা। সেখানেই গিল একরকম অপ্রতিদ্বন্দ্বী।
২৫ বছর বয়সী তারকা এখনও টেস্ট বা ওয়ানডেতে নেতৃত্ব দেননি। তবে গত বছর জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি অধিনায়কত্ব করেন, যখন তারকাদের অনেকেই ছিলেন না দলে। তাকে অবশ্য ভারতীয় দলের সম্ভাব্য অধিনায়ক ভাবা হচ্ছে অনেক দিন ধরেই। সীমিত ওভারের দলে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন তিনি টানা দ্বিতীয়বার। গতবার ভালো করতে না পারলেও চলতি আসরে ভালো ফর্মে আছে তার দল, পারফর্ম করছেন তিনি নিজেও।
সম্ভাব্য বিকল্পদের মধ্যে আরেকটি নাম হতে পারেন লোকেশ রাহুল। তবে তার বয়স ৩৩। টেস্ট পারফরম্যান্সও খুব ধারাবাহিক নয়। দীর্ঘমেয়াদি ভাবনায় তাই গিলকেই মনে করা হচ্ছে সবচেয়ে উপযুক্ত।