বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ ভোট হলে কাল বিএনপির সরকার গঠন করবে তাই যারা বেশী লাফালাফি করছেন কইরেন না। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ বিকেলে রাজশাহী আলুপট্টি মোড়ে বিএনপির বিভাগীয় মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের দুর্নাম হয় এমন কাজ করা যাবে না, কেউ করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিএনপির বিভাগীয় এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা হাবিবুর রহমান হাবিব, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক শফিকুল হক মিলন। সমাবেশ শেষে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিন্দুর মোড়ে গিয়ে শেষ হয়।