রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিল লিভারপুল। ফেভারিট হিসেবেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে উঠেছিল তারা। কিন্তু শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির কাছে হেরে ছিটকে যেতে হয়েছে। তবে সেই দুঃখ ভুলতে ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপের ফাইনালে নেমেছিল তারা। কিন্তু সেখানেও হারের যন্ত্রণায় পুড়তে হলো। ২-১ গোলে গত আসরের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা জিতেছে নিউক্যাসেল। ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো তারা।

গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হার দেখেছিল লিভারপুল। পাঁচ দিনের ব্যবধানে লিগ কাপেও হতাশায় ডুবতে হলো আর্নে স্লটের দলকে।

কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে গেলো মাঠের খেলায়। স্থানীয় খেলোয়াড় ড্যান বার্ন ৪৫তম মিনিটে নিউক্যাসেলকে লিড এনে দেন। কর্নার থেকে হেডে জাল কাঁপান এই ডিফেন্ডার।

বিরতি থেকে ফেরার পর নিউক্যাসেল সমর্থকদের গর্জন মিলিয়ে না যেতেই আরেকটি গোল। সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার আইজ্যাক ৫২তম মিনিটে জোরালো শটে লিভারপুল কিপার কাওমিন কেলেহারকে পরাস্ত করেন।

প্রিমিয়ার লিগ শীর্ষ দল লিভারপুল অবশেষে গোলের দেখা পায়। স্টপেজ টাইমে ফেডেরিকো চিয়েসা জালে বল জড়ান। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তাদের হয়ে গেছে। এডি হাওয়ির নিউক্যাসেল ৭০ বছর পর প্রথম ঘরোয়া ট্রফি জেতে।

এর আগে শেষবার তারা ট্রফি জিতেছিল ১৯৫৫ সালের এফএ কাপে। ওইবার ফাইনালে তারা হারিয়েছিল ম্যানসিটিকে।

অবশ্য শেষবার তারা কোনও মেজর ট্রফি জিতেছিল অর্ধশত বছরেরও বেশি আগে, ১৯৬৯ সালে ইন্টার সিটিজ ফেয়ার্স কাপে।


এই বিভাগের আরো খবর