বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে রাজ্য সরকার। সেখানেই উত্থাপন করা হবে ‘দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ় অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। তার আগে, বুধবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে এইট-বি বাসস্ট্যান্ডে এক সভা থেকে এই বিলকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শিক্ষক সংগঠন আবুটার তরফে সাধারণ সম্পাদক গৌতম মাইতি এক বিবৃতিতে বুধবার জানান, ১৯–২০ অগস্ট বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হামলার পর ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় ধারাবাহিক ভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং বহিরাগত রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, ক্যাম্পাসে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এর প্রভাব স্বাভাবিক পঠনপাঠন ও গবেষণার উপর পড়ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক বৌদ্ধিক চর্চার স্বাধীন পরিসর, স্বায়ত্তশাসন রক্ষার পক্ষে মত প্রকাশ করেন সংগঠনের সদস্যেরা।