সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শূন্য রেখায় ‘ওরা ২৮ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির বাধায় সেটি সম্ভব হয়নি। বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন এখন শূন্য রেখায় অবস্থান করছেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফ-এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো ফল আসেনি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা পুশ-ইনের চেষ্টা চালায়। ভুক্তভোগী ২৮ জনের দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা যায়।

বিএসএফ জানায়, তারা তাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এতে করে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে হচ্ছে ওই ২৮ জনকে। পরে বিজিবির অনুরোধে তাদের দুপুরের খাবার দেয় বিএসএফ।

এদিকে বিকেলের দিকে ঝুম বৃষ্টি নামে এবং এ সংবাদ লেখা পর্যন্ত অনবরত বৃষ্টি পড়ছে। এর ফলে বৃষ্টিতে ভিজতে হচ্ছে ভুক্তভোগীদের। এই সময় শূন্য লাইন থেকে তাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।

আরেক স্থানীয় বাসিন্দা শামিম বলেন, আমরা বিজিবির সাথে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় আছি। কোনোভাবেই বিএসএফ এর অমানবিক আচরণ মেনে নেবো না।

স্থানীয় জনপ্রতিনিধি নাসিরুল ইসলাম জানান, গভীর রাত থেকে ২৮ জন ব্যক্তি শূন্য লাইনে আটকে আছে। বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করতে চায় কিন্তু বিজিবি তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এতে শূন্য লাইনে রাতভর তারা অবস্থান করছে। ভয় আর শঙ্কায় তাদের সময় পার হচ্ছে। খাওয়া দাওয়া ছাড়া এবং গরমে তাদের অমানবিক জীবন পার করতে হচ্ছে।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান বলেন, গোমস্তাপুর সীমান্তে পুশ ইন এর ঘটনায় ২৮ জনকে আটকে দেওয়া হয়েছে। আমরা যাচাই বাছাই ছাড়া কোনোভাবেই পুশ ইন মেনে নেবো না, এই বার্তা দেওয়া হয়েছে পতাকা বৈঠকে। তারা সীমান্ত এলাকা থেকে ২৮ জনকে না সরানো পর্যন্ত আমরা স্থানীয় জনগণকে সাথে নিয়ে সীমান্ত পাহারা দেবো।


এই বিভাগের আরো খবর