সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে

ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বাংলাদেশকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।সোমবার (৩ মার্চ) বিকালে রাজধানীর বনানী ডিআইটি মাঠে বানানী থানা বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি সুশৃঙ্খলও জনবান্ধব দল উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল ও দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবে।

দলের নেতাকর্মীদের কোনও ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, যারা এসব ভাইয়ের রাজনীতি করেন তারা এক সময় থাকবে না কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনও অন্যায় করা চলবে না। কারণ দলে কোনও অপরাধীদের আশ্রয় হবে না।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে।বনানী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন ও আতাউর রহমান।


এই বিভাগের আরো খবর