সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: আমিনুল হক

ডেস্ক নিউজ :
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা পাশ্বর্বর্তী একটি দেশের সহযোগিতায় দেশকে  অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুস সালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে। তিনি বলেন, আজকে দেশের দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে। কারণ এখনও পর্যন্ত সিন্ডিকেট স্বৈরাচারের হাতেই রয়েছে। মানুষকে স্বস্তি দিতে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধ্বংস স্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই ৩১ দফা রূপরেখা দিয়েছেন। ৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে পারবো। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য হাফিজুল হাসান শুভ্রর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাসিত আন্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।


এই বিভাগের আরো খবর