সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংস্কার শুধু রাষ্ট্রকাঠামোতে নয়, মানুষের ভেতরেও আনতে হবে : সেলিমা রহমান

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, শুধু রাষ্ট্র কাঠামোতে নয়, মানুষের ভেতরেও সংস্কার আনতে হবে। প্রজন্মের ভেতর সে সংস্কারের কাজটা করতে হবে শিক্ষকদের।বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রতিনিধি পরিষদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এটা ভাষার মাস। আজ আমরা মুক্ত ভাষায় কথা বলতে পারছি। কিন্তু দীর্ঘ ১৭ বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। সে সময় তারা (আওয়ামী লীগ) গুম, খুন, ধর্ষণসহ এমন কোনও অপকর্ম নেই যা করেনি। এর মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের মৌলিক নীতিবোধ নষ্ট করে দেওয়া হয়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে এখন ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বেড়ে গেছে। পালিয়ে যাওয়া একটি প্রধানমন্ত্রীর জন্য তার দলের নেতাকর্মীরা যে কর্মকাণ্ড ঘটাচ্ছেন, সেসবের প্রতি আমি ধিক্কার জানাই। বর্তমানে কিশোর গ্যাংসহ সামাজিক পরিস্থিতির যে অবক্ষয় ঘটেছে, তার থেকে উত্তরণ ঘটাতে পারবে শিক্ষকরাই।’

সভায় আরও ছিলেন– বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারি, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কাজী আ কা ফজলুল হক, মো. আবদুল্লাহ সরকার প্রমুখ।


এই বিভাগের আরো খবর