রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সময়ে ভোট না হলে সন্দেহের সৃষ্টি হবে: শামসুজ্জামান দুদু

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপিসহ ছোট-বড় যেসব দল বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক হয়েছিল, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনও তালবাহানা জাতির সঙ্গে না করাই ভালো। অর্থাৎ প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা; তারা প্রত্যেকেই কমবেশি একই কথা বলেছেন— এই বছরের শেষ বা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়াই বোধহয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে। তখন বিষয়টি বিতর্কিত হবে।’বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘দৈনিক আমার পিরোজপুর’ পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চব্বিশের যে মহাপ্রলয়, মহা-পরিবর্তনে ছাত্রজনতার ভূমিকা, সেই ভূমিকা যেমন তুলে ধরতে হবে, তেমনি এটিও তুলে ধরতে হবে, গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা কি? গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক, পুলিশ, ইউএনও, ডিসি, নির্বাচন কমিশন ছিল আওয়ামী লীগের লোকজন। একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি, দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে। তারাও নির্যাতিত হয়েছে এই সত্য বলার কারণে। এই পথে এলে সত্যের পক্ষে কাজ করতে হবে।’

‘দৈনিক আমার পিরোজপুর’-এর সম্পাদক কে এম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির নেত্রী অর্পণা রায়, কৃষক দল নেতা এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর