রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। কিন্তু সেই ভোটে পদ্মশিবিরের তারকা প্রচারকের তালিকায় নেই মিঠুন চক্রবর্তী। গত দু’মাস ধরে লোকসভা ভোট উপলক্ষে বাংলার নানা কেন্দ্রে দলের হয়ে প্রচার করেছেন মিঠুন। একের পর এক সভা থেকে ছেড়ে আসা দল তৃণমূলকে নিশানা করেছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। কিন্তু উপনির্বাচনে পদ্মশিবির যে তারকা প্রচারকদের রাখছে, সেখানে ‘জাত গোখরো’ নেই বলেই বিজেপি সূত্রে খবর।
গত ২ জুন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিঠুন। বেলগাছিয়ার একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতি নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি তিনি। স্পষ্ট জানিয়ে দেন, ‘আপাতত’ রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী নন। তখনই এ নিয়ে জল্পনার সৃষ্টি হয়। ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির প্রচারক মিঠুন বলেছিলেন, ‘‘আমি একই সময়ে দু’টি কাজ করি না। আমার কাছে দলের নির্দেশ ছিল ৩০ মে পর্যন্ত রাজনৈতিক প্রচারে মনোনিবেশ করার। এখন থেকে শুধু চলচ্চিত্র, আমার পেশা নিয়ে কথা বলব। রাজনীতি নিয়ে কথা বলব না। আমি আমার রাজনৈতিক দায়িত্ব পালন করেছি।’’ এমনকি, সে দিন ভোট দেওয়ার জন্য মিনিট ৪০ লাইনে দাঁড়িয়ে থাকার সময় তৃণমূলের তরফে ‘চোর-চোর’ আওয়াজ শুনেও কোনও প্রতিক্রিয়া দেননি মিঠুন।