ভারতীয় দল যখন পার্থের অপ্টাস স্টেডিয়ামে নামছিল তখন কত জন ভেবেছিলেন যে, চার দিন পর ছবিটা এ রকম হবে? কিছু দিন আগেই ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে ০-৩ চুনকামের লজ্জা সহ্য করতে হয়েছে ভারতকে। তার মাঝে প্রথম টেস্টে খেলছেন না অধিনায়ক রোহিত শর্মা। চোটের জন্য বাদ পড়েছেন শুভমন গিল। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা মাঠে ভারতকে নামতে হচ্ছে, যেখানে অসিরা কোনও দিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ভারতের বিপক্ষে ছিল। চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলির উপর। চার দিন পরে সব উধাও। হাসতে হাসতে মাঠ ছাড়লেন যশপ্রীত বুমরারা। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের ২৯৫ রানে হারিয়ে সিরিজ়ে এগিয়ে যাওয়ার আনন্দ সাজঘরে বসে উপভোগ করলেন প্রথম টেস্টের মাঝেই দলের সঙ্গে যোগ দেওয়া রোহিতও। ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার মাঠে রানের নিরিখে এটিই ছিল ভারতের সবচেয়ে বড় জয়। এই ম্যাচে সেই রেকর্ড ভাঙল ভারত। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত, বিধ্বস্ত ভারত যে খোঁচা খাওয়া বাঘের মতোই ভয়ঙ্কর তা আরও এক বার দেখাল তারা।
ভারতীয় ব্যাটিং লাইনআপে ক্রমশ ভরসার নাম হয়ে উঠছেন তরুণ ওপেনার যশস্বী। দেশের মাটিতে যেমন সাবলীল, বিদেশের মাটিতেও তেমন স্বচ্ছন্দ। ব্যাটিং টেকনিক ভাল না হলে সম্ভব নয়। পার্থের দ্রুতগতির পিচে অস্ট্রেলিয়ার জোরে বোলারদের কী ভাবে সামলাতে হয়, তা হাতেকলমে দলের সিনিয়রদের দেখিয়ে দিলেন ১৬১ রানের ইনিংসে। তাঁর ২৯৭ বলের ইনিংসে ১৫টি চার এবং ৩টি ছয় রয়েছে। সুইং নিয়ে অযথা ভয় না পেয়ে বলের গতির মোকাবিলা করলেন ব্যাকফুটে খেলে। প্যাট কামিন্স, মিচেল স্টার্কেরা তাঁকে তেমন সমস্যাতেও ফেলতে পারলেন না। বিট অবশ্যই হয়েছেন। কিন্তু উইকেটে টিকে থাকার চেষ্টা করেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট করার জন্য ঠিক যেমন মানসিকতা প্রয়োজন, তেমন ভাবেই খেলেছেন। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের আক্রমণ মোকাবিলা করেছেন, তেমন স্টার্কদের স্লেজিংয়ের জবাব মুখে দিতেও দু’বার ভাবেননি।

যশস্বীকে দেখেই যেন খানিকটা শিখলেন কোহলি। দীর্ঘ দিন রানের মধ্যে ছিলেন না তিনি। এই সিরিজ় তাঁর কাছেও বড় পরীক্ষা। তিনি জানতেন সফল হতে না পারলে হয়তো কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। এই চাপ সামলে প্রথম ইনিংসে রান পাননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোহলি দেখালেন, কেন অস্ট্রেলিয়ার মাটিতে এত সফল তিনি। টেস্টের ইনিংস যে ভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সে ভাবেই এগিয়ে নিয়ে গেলেন। ঝুঁকিহীন ক্রিকেট খেললেন। একটা সময় সাজঘর থেকে বার্তা এসেছিল, চালিয়ে খেলতে হবে। তখন ৮০ রানের কাছাকাছি ব্যাট করছেন কোহলি। এত দিন পর শতরানের হাতছানি থাকলেও দলের নির্দেশ পালন করেছেন কোহলি। চালিয়ে খেলেছেন। কিন্তু শতরান হাতছাড়া করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৮০তম শতরান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ব্যাটারদের মধ্যে সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ১০টি শতরান করেছেন তিনি। খেলা শেষে গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার দিকে চুমু ছুড়ে সাজঘরে ফিরেছেন কোহলি।