বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

কোলকাতা শহর জুড়ে ভোট-উৎসবে টলিপাড়ার তারকারা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রায় শুনশান রাস্তাঘাট। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলছে। সকাল থেকেই ভোটের লাইন কেন্দ্রে কেন্দ্রে। টলিপাড়ার তারকারাও পৌঁছে গেলেন ভোট দিতে। কেউ পৌঁছোলেন মা-বাবার সঙ্গে। কারও সঙ্গে স্বামী বা স্ত্রী। জীবনের প্রথম ভোট দিতে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

গত এক মাস ধরে বহু তারকা ময়দানে নেমে প্রচার করেছেন। রোদ, জল উপেক্ষা করে পৌঁছে গিয়েছেন সাধারণের কাছে। যেমন, এই প্রথম বার ভোট প্রচারে দেখা গিয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। বুধবার বেলা গড়াতে বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে। কোয়েল জানালেন, ছেলে কবীর মঙ্গলবার রাতেই আঙুলে লাল রঙের কালি দিয়ে দাগ দিয়ে নিয়েছে। সে-ও নাকি ভোট দিয়েছে!

মা, বাবা, বোনকে নিয়ে প্রতি বারের মতো এ বারেও ভোট দিতে এলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। তিনি বলেন, “অনেক ঠিক কাজ হচ্ছে। যা বেঠিক, সেটা বলা হচ্ছে। আবার অন্যায় হলে তো তার বিরোধিতাও করা উচিত। আমাদের দল ন্যায়ের জন্যই লড়াই করছে।”

সকাল সকাল ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালকের কাঁধে তো আরও দায়িত্ব আছে। এ বারেও তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোটের প্রচারের জন্য টানা সেখানেই ছিলেন। স্ত্রীকে নিয়েই শেষ দফার প্রচার সেরেছিলেন। বুধবার স্ত্রীর সঙ্গে ভোট দিয়েই ব্যারাকপুরে গেলেন রাজ। ভোট দিয়ে বেরিয়ে শুভশ্রী বলেন, “এক জনকেই চিনি। তিনি আমাদের মা দুর্গা। প্রতি বারই মা দুর্গার সঙ্গে এমন মহিষাসুর লড়াই করতে আসেন। প্রচুর মানুষজন, প্রচুর বাহিনী নিয়ে আসেন। মা একাই দমন করেন।”

টলিপাড়ার তারকাদের এত সহজে হাতের নাগালে পাওয়া কঠিন। বছরের এই হাতেগোনা কয়েকটা দিন, যখন সাধারণের সঙ্গে মিশে যান তারকারা। যেমন অন্যদের মতো ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী।

বাইপাস সংলগ্ন আবাসনে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়েরা। কিন্তু শ্রাবন্তীর ভোট এখনও তাঁর পুরনো পাড়ায়। বেহালায় মা-বাবা, দিদির সঙ্গে ভোট দিয়ে এলেন নায়িকা। অন্য দিকে রচনা সকাল সাতটায় মিটিয়ে এলেন নিজের ভোটপর্ব।

তৃণমূল সাংসদ বলেন, “এবারের লড়াই কঠিন। দিদিকেও তাই পরিশ্রম করতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও করতে হয়েছে। আমরা তো করেছি। সবাই যখন জোড়া ফুলে ভোট দেবেন, একবার ভাববেন গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়ে কথা রেখেছেন।”

দুই ভাই, তাঁদের পরিবার ও স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেলেন অভিনেতা জিৎ। নায়ককে কাছে পেয়েই নিজের শখ মিটিয়ে নিলেন এক বিএসএফ জওয়ান। নায়কের সঙ্গে তুললেন নিজস্বী।

মেয়ে রাইমা সেনকে সঙ্গে নিয়ে ভোট দিতে এলেন মুনমুন সেন। সঙ্গে ছিল তাঁদের আদরের পোষ্যও।

এই দিনে চূড়ান্ত ব্যস্ত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের বিধানসভায় ভোট দিয়েই নিজের কেন্দ্র বরাহনগরে দেখা গেল তাঁকে। সল্টলেকে ভোট দেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।

বাবা-মাকে সঙ্গে করে সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। অন্য দিকে, মায়ের সঙ্গে ভোট দিতে পৌঁছোন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভোটের দিন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের পোশাকে ছিল রংমিলন্তি। একসঙ্গেই ভোট দিয়েছেন তাঁরা। মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ঐন্দ্রিলা সেন। অন্য দিকে অঙ্কুশ হাজরাও মা-বাবার সঙ্গে গেলেন বর্ধমানে ভোট দিতে। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অনেক তারকাই ভোট দিতে পারলেন না।

করিমপুরের প্রার্থী হিসাবে অভিনেতা সোহম চক্রবর্তী নিজের কেন্দ্র বেহালায় ভোট দিতে পারছেন না। কারণ, তিনি গত কয়েক দিন ধরে নির্বাচনী কাজে করিমপুরেই রয়েছেন। অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন পরিবারের সঙ্গে। জরুরি কাজের জন্য শহরে ফিরতে না পারায় এ বারের ভোটে যোগ দিতে পারছেন না নায়িকা।


এই বিভাগের আরো খবর