সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

গাজায় সীমিত ত্রাণ সহায়তা, খাবারের জন্য হাহাকার ও লুটপাট

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, মানুষের মধ্যে ক্ষুধা, হতাশা ও নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে কিছু সাহায্যবাহী ট্রাক পথে লুটপাট হয়ে যাচ্ছে। তারা সতর্ক করেছে, যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা প্রবাহ নিশ্চিত না করা যায়, তাহলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

গত ২ মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথমবারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে ৩০০টিরও বেশি সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।

তবে ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার সাধারণ মানুষের হাতে সব সহায়তা পৌঁছাচ্ছে না। কোনও ট্রাকই উত্তর গাজায় পৌঁছায়নি। সেখানে সম্প্রতি ইসরায়েল একাধিকবার স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

গাজার পরিবহণ সমিতির প্রধান নাহিদ শুহাইবার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ও মধ্য গাজায় ৩০টি সহায়তাবাহী ট্রাক আক্রান্ত ও ভাঙচুরের শিকার হয়। হামাসের সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় সশস্ত্র গ্যাং ট্রাকের ওপর গুলি চালায় ও সেগুলো লুট করে। ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও হামাসের সহায়তা পৌঁছানোর পর ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সিএনএনকে জানায়, একটি বিমান হামাস জঙ্গিসহ কয়েকজন অস্ত্রধারীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে এই হামলায় মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সহায়তা পরিকল্পনা ‘গাজা মানবিক ফাউন্ডেশন’-এর এই মাসের শেষের দিকে চারটি বিতরণ কেন্দ্র চালু করার কথা। কিন্তু জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই নতুন উদ্যোগে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক বিভাগের প্রধান টম ফ্লেচার গত সপ্তাহে এক্সে লেখেন, ‘গাজায় বিকল্প সহায়তা পরিকল্পনা নিয়ে সময় নষ্ট না করে আমাদের বর্তমান পরিকল্পনাটিকেই এগিয়ে নেওয়া উচিত।’

শুক্রবার গাজা বেকারি মালিক সমিতি ঘোষণা দেয়, ‘গাজায় বিদ্যমান কঠিন পরিস্থিতির কারণে বেকারিগুলো কাজ করবে না। তারা ডব্লিউএফপিকে প্রথমে পরিবারগুলোর মধ্যে সরাসরি আটা বিতরণের আহ্বান জানায়।

সমিতির সভাপতি আবদেল নাসের আল-আজরামি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আবশ্যিকভাবে ইসরায়েলের সঙ্গে আলোচনা করে গাজায় আটা, চিনি, ইস্ট, লবণ ও ডিজেল প্রবেশ নিশ্চিত করে—যাতে সবার জন্য রুটি নিশ্চিত করা যায়।


এই বিভাগের আরো খবর