বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

দেশ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, যাদের ফলাফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। এই সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সম্পূরক ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। হাইকোর্ট ওই সাড়ে তিন লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।


এই বিভাগের আরো খবর