বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিলো দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ হয়েছে, বরঞ্চ তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। টানা দ্বিতীয় ম্যাচে শতক ছুঁলেন এই ব্যাটার। নবম উইকেটে রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি। এরপর বাংলাদেশি ফিল্ডারের হাত ফসকে জীবন পেয়ে রাবাদা ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে চারের দেখা পান তিনি।

রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন আগের দুই বলে টানা দুটি ছক্কা মেরে। ৯৩ বলে রাবাদা ৭২ রান করে আউট হন। ১০টি চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। তাকে স্টাম্পিং করে আটটি ডিসমিসালের দেখা পান লিটন দাস, যা এক ইনিংসে বিশ্ব রেকর্ড। রাবাদাকে ফিরিয়ে পাঁচ উইকেটকিপারকে ছাপিয়ে যান লিটন। এর আগে এক ইনিংসে সাতটি ডিসমিসালে যৌথভাবে শীর্ষে ছিলেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা।


এই বিভাগের আরো খবর