বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল : রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যুবদলের ভবিষ্যৎ ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উৎপাদন, উন্নয়ন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষার যে নতুন রাজনীতির সূচনা করেছেন, তা বাস্তবায়নে জাতীয়তাবাদী যুবদল অনবদ্য অবদান রাখবে। দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজ এবং মানুষের আর্থিক উন্নয়নে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে যুবদল কাজ করে যাবে।

তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে দেশের মহান স্বাধীনতার ঘোষক এবং পরে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা নিশ্চিতকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়। দীর্ঘ পথপরিক্রমায় সংগঠনটি দেশের তরুণদের অন্যতম বৃহত্তম যুব সংগঠনে পরিণত হয়েছে।

এসময় যুবদলের প্রশংসা করে রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। বহু সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে যুবদল নিজেদের বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

যুবদলের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজকের যুবদলের ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। তাদের এই অসম সাহসী নেতৃত্ব ফ্যাসিস্ট ও একনায়কতন্ত্রের পতনে এক প্রভাবকের ভূমিকা পালন করেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর