পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের গড়িয়াহাট থানায়! ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা ছ়ড়ানোর অভিযোগ তাঁদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন আইনজীবী জয়দীপ সেন। এ ব্যাপারে দুই অভিনেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, গত বুধবারই টেকনিশিয়ান্স স্টুডিয়োয় বৈঠক ডেকেছিলেন রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন পরমব্রতও। সেখানে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর জমানায় তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রসঙ্গ নিয়ে কথা বলেন অভিনেতা। তিনি বলেন, “সে দিন আমার সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে, দাঁতে দাঁত চেপে সবটা করেছিলাম। আর কোনও উপায় ছিল না, তাই। আমি কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্গারের জন্য এখানে আসিনি। কিন্তু আপনাদের যেহেতু বাড়ির লোক ভাবি, সেই জন্য ব্যক্তিগত অপমানের কথাটা ভাগ করে নিলাম। ভবিষ্যতে যেন এ রকম পরিস্থিতি তৈরি না হয়।”