জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকের কার্যবিবরণী থেকে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।
সিনিয়র সচিব কমিটিকে স্পষ্ট করেন যে, সব মিলিয়ে পুলিশ বাহিনীর জন্য রাজস্ব খাতে মোট ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃজনের প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনুমোদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।
দুর্গম ও নদীমাতৃক এলাকায় টহল ও উদ্ধার অভিযান জোরদারে বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানায় দ্রুত দুটি স্পিডবোট সরবরাহের সুপারিশ করা হয়েছে। এছাড়া সাইবার অপরাধ দমনে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগে পুলিশ সাইবার ইউনিট ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য আলাদা ফরেনসিক ল্যাবরেটরি, জব্দকৃত মাদক রাখতে পৃথক মালখানা এবং আধুনিক থানা হাজত তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। শৃঙ্খলা ও জবাবদিহির অংশ হিসেবে গণঅভ্যুত্থানকালীন মামলার রায়ে দণ্ডিত এসপি ও তদূর্ধ্ব পর্যায়ের ১৩ কর্মকর্তার মধ্যে ৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বাকি ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে এবং অনুপস্থিত ও পলাতক ৫৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নতুন জনবল নিয়োগের পাশাপাশি পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে দীর্ঘদিনের যানবাহন সংকট নিরসনেও বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথম বৈঠকের ১০ (ক) সিদ্ধান্তের অগ্রগতি জানাতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিকে অবহিত করেন, বাংলাদেশ পুলিশের অপারেশনাল ও বিশেষায়িত যানবাহন ক্রয়ের লক্ষ্যে দুটি পৃথক প্রকল্প প্রণয়নের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বৈঠকে বিস্তারিত বক্তব্য দেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে একেবারে ভঙ্গুর অবস্থা থেকে আইন ও নিম্ন স্তর পর্যন্ত সবকিছু সংস্কার ও পুনর্গঠন করতে হচ্ছে। আইনি সংস্কারের পাশাপাশি সামগ্রিক সংগঠনের শক্তি বৃদ্ধি করা হলেও পুলিশ বাহিনীর নতুন ও পুরাতন সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন হয় বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সময়ের ডিজিটাল ও সাইবার অপরাধ দমনে পুলিশ সাইবার ইউনিটকে সম্পূর্ণ ঢেলে সাজানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই বিশেষায়িত ইউনিটে চুক্তিভিত্তিক দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণ এবং মামলা তদন্ত ব্যবস্থার আধুনিকায়নে নেওয়া বহুমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশের প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য আলাদা ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন, জব্দকৃত মাদক নিরাপদে সংরক্ষণের জন্য পৃথক মালখানা এবং আসামিদের রাখার জন্য আধুনিক থানা হাজত তৈরির কাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। জব্দকৃত মাদকের নির্দিষ্ট আলামতের নমুনা আদালতে উপস্থাপনের জন্য রেখে বাকি মাদক আইন অনুযায়ী দ্রুত ধ্বংস করার ব্যবস্থাও রাখা হয়েছে বলে তিনি কমিটিকে অবহিত করেন।
পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, মাদক মামলার তদন্ত ও নির্ভুল চার্জশিট দাখিলের ক্ষেত্রে নিয়মিত তদারকি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যবেক্ষণ ব্যবস্থা আগের চেয়ে অনেক শক্তিশালী করা হয়েছে। মামলা তদন্তে পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের জন্য আইনগত প্রক্রিয়া ও আধুনিক তদন্ত ব্যবস্থাপনার বিষয়ে নিয়মিত ব্রিফিং ও বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
বৈঠকে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, জবাবদিহিতা এবং বিগত গণঅভ্যুত্থানকালীন ভূমিকার বিচারের অগ্রগতি নিয়েও বিস্তারিত ও চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়। প্রথম বৈঠকের ১০ (খ) সিদ্ধান্তের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিকে বলেন, গণঅভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন ঘটনার বিষয়ে দায়েরকৃত মামলার আদালতের রায়ের কপির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার (এসপি) ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ জন কর্মকর্তার মধ্যে দণ্ডিত ৫ জনকে ইতোমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। দণ্ডিত বাকি ৮ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এছাড়া গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত ও পলাতক থাকা এসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার ৫৭ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় মামলা চলমান রয়েছে। এর বাইরে অন্যান্য ফৌজদারি ও বিভাগীয় মামলার বিস্তারিত অগ্রগতিও তিনি কমিটিকে অবহিত করেন।
এছাড়া, দেশের অন্যান্য চরাঞ্চল ও রাজধানীর অপরাধপ্রবণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়। সিনিয়র সচিব কমিটিকে জানান, মুন্সীগঞ্জ সদর থানাধীন দুর্গম চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নটি মুন্সীগঞ্জ সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উক্ত এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার এবং গোষ্ঠীগত বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে মারামারি ও রক্তক্ষয়ী সংঘাতে অভ্যস্ত ছিল। তবে বর্তমানে জেলা পুলিশের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ ও নিয়মিত অভিযানের ফলে মোল্লাকান্দির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি একই জেলার গয়াগাছিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্যও জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকার মিরপুর বিভাগের অন্তর্গত পল্লবী ও রূপনগর এলাকায় মাদকের বিস্তার ও কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষায়িত সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় স্থানীয় থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে কাজ করছে এবং নিয়মিতভাবে ব্লক রেইড ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিল অফিসার ২০২৫ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন। তার উপস্থাপিত তথ্য অনুযায়ী, ডাকাতির ঘটনা ৫৩৮ থেকে কমে ৩৮৭টি হয়েছে। দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩ থেকে কমে ১ হাজার ৩৭৪টি এবং হত্যার ঘটনা ২ হাজার ৯১৩ থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে দাঁড়িয়েছে। দ্রুত বিচার আইনের মামলাও ৭৪৩টি থেকে কমে ৫৯৫টিতে নেমেছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে ১৭টি হয়েছে। নারী নির্যাতনের ঘটনা ১ হাজার ৮৪টি কমেছে এবং শিশু নির্যাতনের ঘটনাও হ্রাস পেয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে আরও জানানো হয়, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে হত্যা ও ডাকাতির ঘটনা কমলেও ধর্ষণ ও নারী নির্যাতনের পরিমাণ কিছুটা বেড়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫৫৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৫৭৬টি গুলি এবং ৪ হাজার ৫৭৫টি কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৯৪ জন আসামিকে। মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বলা হয়, এই তিন মাসে ৮৩ লাখের বেশি ইয়াবা ও ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। মাসে গড়ে ৯ হাজারেরও বেশি মাদকসংক্রান্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
রাজধানী ঢাকার সাম্প্রতিক অপরাধ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত পদক্ষেপ সম্পর্কে কাউন্সিল অফিসার জানান, অপরাধ দমনের অংশ হিসেবে রাজধানীতে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও হোন্ডা মোবাইলসহ পুলিশি টহল বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক সতর্কতা হিসেবে শহরের বিভিন্ন প্রবেশমুখ ও মোড়ে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিবর্গের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠক ও নাগরিক কমিটির মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করে আইনশৃঙ্খলার উন্নয়নে সম্পৃক্ত করা হচ্ছে। এছাড়া রাজধানীর বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংগ্রহে ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিআইএমএস) জোরদার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত পেশাদার অপরাধীদের পুনরায় অপরাধে জড়িত হওয়ার প্রবণতা রোধকল্পে ‘সাসপেক্ট আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন সিস্টেম’ (এসআইভিএস)-এর মাধ্যমে ডিজিটাল ডাটাবেজ সংরক্ষণ করে নজরদারি চালানো হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য শিরীন সুলতানা গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ইতিবাচক উন্নতির বিষয়গুলো গণমাধ্যমে সেভাবে প্রচার না হওয়ার বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটি গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির চিত্র প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। একইসঙ্গে কমিটির সদস্য শিরীন সুলতানা, মো. আব্দুল বাতেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে স্থায়ী কমিটির বৈঠক শুরুর ন্যূনতম এক সপ্তাহ আগে কমিটির সদস্যদের নিকট পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত নথিপত্র প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন কমিটিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের স্থান হিসেবে উল্লেখ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে সবাই এর সুফল ভোগ করবে। আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা ও মাদক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূলত সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার কর্মকর্তাদের ওপর নির্ভর করে এবং এ ক্ষেত্রে কমিটি মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটির সদস্য মীর শাহে আলম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। এছাড়া কমিটিকে সহায়তাদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও বিভাগের প্রধান এবং প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে উপসচিব ও কমিটি সচিব মো. আমিনুল ইসলাম, সভাপতির একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (গণসংযোগ) তানজীনা তানিন, সহকারী পরিচালক (রিপোর্টিং) মো. জাহিদুল ইসলাম এবং সহকারী সচিব লতিফা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এটি ঢাকা পোস্ট এর প্রতিবেদন







