বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ফের ‘এনকাউন্টার’! বারুইপুরের পর এ বার গাইঘাটা!

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজ্যে ফের পুলিশি ‘এনকাউন্টারে’ মৃত্যু হল ধর্ষণ-খুনে অভিযুক্তের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এ ক্ষেত্রেও রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত রবিবার গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। ‘এনকাউন্টারে’ অভিযুক্তের মৃত্যুর ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সূত্রের খবর, সোমবার বেশি রাতের দিকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। ওই সূত্রের দাবি, পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে তিন রাউন্ড গুলি চালান প্রহ্লাদ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। সে সময়ে আত্মরক্ষায় তারা পাল্টা চার রাউন্ড গুলি চালায় বলে পুলিশের দাবি। গুলিতে জখম হন অভিযুক্তও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর