আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ উর্ফী জাভেদ। এর আগে রাত ১০টার পর আবাসনে অতিথিদের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এই বিষয়ে মুম্বই পুলিশের সাহায্যও চেয়েছিলেন উর্ফী। এ বার তাঁর অভিযোগ, নিজের বাড়ির ভিতরে ‘কনটেন্ট’ শুট করার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে আবাসন কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, সমাজমাধ্যমে সেই ভিডিয়ো আপলোড করা হয় বলে এই ধরনের শুটিং বাণিজ্যিক কাজের আওতায় পড়ে এবং তা উর্ফীর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে

মঙ্গলবার, ২৭ অক্টোবর, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিযোগ করেন উর্ফী। তাঁর দাবি, সন্ধ্যা ৬টার পর কোনও অতিথি আবাসনে প্রবেশ করতে চাইলে বাসিন্দাদের বাড়িওয়ালার মাধ্যমে অনুমতি নিতে হবে— এমন একটি নিয়ম চালু করা হয়েছিল। সেই নিয়মের বিরুদ্ধে পুলিশকে জানানোর পর থেকেই হেনস্থার ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ তাঁর। নেটপ্রভাবী লেখেন, “আমার এই পদক্ষেপে ওদের ভঙ্গুর পুরুষ-অহংয়ে আঘাত লেগেছে। ওরা আমার বাড়িওয়ালাকে বলেছিল যাতে আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। কিন্তু তিনি তা করেননি। তাই এখন চার-পাঁচ জন পুরুষ আমাকে হেনস্থা করার জন্য এমন নীচ মানসিকতার কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছে। নিজের জন্য খানিকটা গর্বই হচ্ছে।”
উর্ফীর আরও অভিযোগ, তাঁর অতিথিদের সঙ্গে ক্যামেরা বা শুটিংয়ের সরঞ্জাম রয়েছে বলে সন্দেহ হলে তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি, অতিথিদের ব্যাগও পরীক্ষা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এই ধরনের বিধিনিষেধের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। উর্ফী লেখেন, “প্রত্যেকে নিজের বাড়িতে কনটেন্ট শুট করেন। তা হলে এই নিয়ম আদৌ কী ভাবে আইনসঙ্গত? নিজের বাড়িতে আমি কী করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়!”
কাজের ক্ষেত্রে সম্প্রতি সানি লিয়োনি, কর্ণ কুন্দ্রা এবং নিয়া শর্মার সঙ্গে রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’ সঞ্চালনার দায়িত্বে দেখা গিয়েছে উর্ফীকে।