বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বোট ক্লাবের সেই রাত থেকে গ্রেফতারি পরোয়ানা, পরীমণির মামলার পাঁচ বছর

বিনোদন ডেস্ক
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চিত্রনায়িকা পরীমণি আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিষয়ে আলোচনা-সমালোচনায় আসছেন তিনি। সে ধারাবাহিকতায় ২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। এরপর ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নায়িকা ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

গ্রেফতারের ২৭ দিন পর মঙ্গলবার (৩১ আগস্ট) জামিনে বের হয়ে আসেন পরীমণি। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের এই আদেশ দেন।

ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলা

২০২২ সালের ৬ জুলাই ঢাকার আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৮ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন।

এতে আরও উল্লেখ করা হয়, পরে এই আসামিরা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমনি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালমন্দ করেন। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন।

পরীমণির মামলায় গ্রেফতার নাসির উদ্দিন-

নাসির উদ্দিনের মামলার আগে পরীমণির এক মামলায় গ্রেফতার হয়েছিলেন বাদী। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির মামলা দায়েরের পর নাসির উদ্দিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। ২০২১ সোমবার (১৪ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে সময় পরী মামলায় অভিযোগ করেন, ৮ জুন রাতে তাকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তার পূর্বপরিচিত তুহিন। সেখানে তাকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।

নাসির উদ্দিনের করা মামলায় অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ

২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন আদালতে পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়।

ওই বছরের ১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন আদালতে হাজির হতে সমন জারি করে। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তারা।

গত বছরের গত ২৬ জানুয়ারি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ।

সেদিন পরীমনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে পরোয়ানা জারির পর দিনই আত্মসমর্পণ করে জামিন তিনি।

এরপর ২৭ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন দায়ের করেছিলেন এ চিত্রনায়িকা। গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান খারিজ করে দিয়ে মামলা চলতে কোনও বাধা নেই মর্মে আদেশ দেন।

পরীমণি

ফের গ্রেফতারি পরোয়ানা জারি

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আলমগীর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার বাদী আদালতে উপস্থিত থেকে আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেন। তবে এসময় আসামিপক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন


এই বিভাগের আরো খবর