পশ্চিমবঙ্গ, কেরল, অসমের মতো রাজ্য থেকে বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি দেশ জুড়ে অনুপ্রবেশে বিরোধী অভিযানও চলছে জোরকদমে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি) এ বার এক সঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল!
ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে মোহিন হায়াত বাদশা শেখ ওরফে মহিউদ্দিন নামে ৫১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। জেরার মুখে মহিউদ্দিন জানান, ৩৪ বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছিলেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে ভারতে প্যান, আধার এবং ভোটার কার্ডও তৈরি করিয়েছিলেন।