বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে সম্প্রতি নবান্নের প্রশাসনিক বৈঠকে পুলিশকে কঠোর হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘স্টার্ট ফ্রম মাই হাউস’, এমন মন্তব্যও করেছিলেন তিনি। এ বার মুখ্যমন্ত্রীর কথা মতো তাঁরই বাড়ির মুখে সরকারি জমি পুনরুদ্ধার করল পুলিশ ও পুরসভা।
বুধবার পুরসভা ও পুলিশ মিলে ওই বাড়ি দখল করতে যায়। সেটি ক্লাবঘর হিসাবে ব্যবহার করা হত। পুনরুদ্ধারের পরে বাড়িটি পুলিশের ক্যাম্প হিসাবে ব্যবহার করা হচ্ছে, যারা মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বেদখল সরকারি সম্পত্তি উদ্ধার করতে মেয়র ফিরহাদ হাকিম পুর আধিকারিকদের কঠোর হতে বলেন। গত সপ্তাহেই ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেহালার বাসিন্দা এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর বাড়ির পাশেই সরকারি আবাসনের জমি বেদখল হয়ে রয়েছে। পুরসভা ওই অভিযোগ আবাসন দফতরের কাছে পাঠাচ্ছে।