জেলেনস্কি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি স্বাক্ষরে তিনি এখনো আগ্রহী। ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি খসড়া শান্তি পরিকল্পনা তৈরি করে তা যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন তিনি, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।শুক্রবার ওভাল অফিসে সরাসরি সম্প্রচারিত এক ঐতিহাসিক বৈঠকে, ট্রাম্প জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য অকৃতজ্ঞ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, জেলেনস্কি তার দেশকে অসম্মান করেছেন এবং তার কর্মকাণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। বিষয়টি ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে প্রশ্ন তোলে।
জেলেনস্কি বলেন, তিনি মনে করেন না যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা বন্ধ করবে। কারণ ‘সভ্য বিশ্বের নেতা’ হিসেবে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তা করতে চাইবে না। তবে তিনি যেকোনও ফলাফলের জন্য প্রস্তুত রয়েছেন।লন্ডন সম্মেলনের পর সাংবাদিকদের জেলেনস্কি বলেন, সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে বলতে গেলে, আমি মনে করি আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।
তবে তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে এ ধরনের আলোচনা সম্পূর্ণ খোলামেলা হওয়া উচিত। যা ঘটেছে সেই ফরম্যাটটি আমাদের জন্য ইতিবাচক বা অংশীদার হিসেবে কোনও অতিরিক্ত সুবিধা বয়ে এনেছে বলে আমি মনে করি না।’







