চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় মৃত্যুঝুঁকিতে থাকা ওই রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল ও ব্যথামুক্ত রয়েছেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে এই চিকিৎসা সম্পন্ন হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, সফল চিকিৎসা পাওয়া রোগী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা কাজল (৫৫)। ধূমপান ও উচ্চ রক্তচাপ ছিল হৃদরোগের ঝুঁকির অন্যতম কারণ। হাসপাতালে আসার মাত্র এক ঘণ্টা আগে হঠাৎ বুকে তীব্র ব্যথা শুরু হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে পৌঁছানোর পর রোগীর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তার রক্তচাপ নেমে আসে ৬০/৪০ মিমি পারদে। ইসিজি পরীক্ষায় ধরা পড়ে অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হার্ট অ্যাটাক। পাশাপাশি তিনি কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত হন। এ অবস্থায় হৃদ্যন্ত্র শরীরের প্রয়োজনীয় রক্ত সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
রোগীর সংকটাপন্ন অবস্থা বিবেচনায় নিয়ে কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা কালক্ষেপণ না করে দ্রুত তাকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই বা এনজিওপ্লাস্টির মাধ্যমে আক্রান্ত রক্তনালিতে রক্ত চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয় এবং রিং স্থাপন করা হয়।
এ জটিল চিকিৎসা কার্যক্রমে অংশ নেন-কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল, ডা. রাশেদসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। তাদের দ্রুত পদক্ষেপ, দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় এ জীবন রক্ষাকারী চিকিৎসা।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, চিকিৎসার পর রোগীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার রক্তচাপ ৬০/৪০ থেকে বেড়ে বর্তমানে ১২৫/৮০ মিমি পারদে পৌঁছেছে। তিনি এখন স্থিতিশীল ও বুকে ব্যথামুক্ত রয়েছেন।
তিনি আরও বলেন, রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এ সাফল্য উত্তরবঙ্গের হৃদরোগ চিকিৎসায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে হার্ট অ্যাটাকের পর কার্ডিয়োজেনিক শকে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে এ অর্জন হাসপাতালের সক্ষমতার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।