সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের জন্য শিল্পপ্রতিষ্ঠানে পাঠানোর আগে শিক্ষকদেরই সেখানে গিয়ে গবেষণা করা উচিত। সেই গবেষণার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাস সাজাতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী সুবিধা পাবে, সেটিও নিশ্চিত করতে হবে। শুধু শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা নেওয়ার চিন্তা না করে তাদের জন্যও কার্যকর সুযোগ তৈরি করতে হবে। গবেষণালব্ধ জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাজেট বরাদ্দ দেয় এবং সরকার ইউজিসিকে অর্থ সরবরাহ করে। ইউজিসির ছয় সদস্যের মধ্যে চার জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে উল্লেখ করেন তিনি। বাজেটের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রশ্ন করতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নেও অর্থ ব্যয় করতে হবে। শুধু বরাদ্দ চাইলেই হবে না, কী কাজে কত অর্থ প্রয়োজন, কীভাবে তা ব্যয় করা হবে এবং এর মাধ্যমে কী ফল আসবে, তা-ও স্পষ্ট করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শিক্ষকরা দীর্ঘ সময় ক্লাস নেন, গবেষণাপত্র ও থিসিস তৈরি করেন। কিন্তু এসব গবেষণার বাস্তব প্রয়োগ কোথায়, তা দেখতে হবে। শুধু গবেষণাপত্র পড়লে হবে না, গবেষণার ফলাফল শিল্প, অর্থনীতি ও কর্মসংস্থানে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলেও সেগুলোর অর্থ ব্যয়ের অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। নভেম্বর মাস চলে এলেও প্রকল্পগুলোর অর্থ ব্যয়ের অগ্রগতি নিয়ে সন্তোষজনক চিত্র পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষাব্যবস্থায় দীর্ঘসূত্রতা ও সেশনজট নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং শিক্ষাজীবন শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দ্রুত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের পাশাপাশি পুনর্নিরীক্ষণের ফলও দ্রুত প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছিল।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা ইউনিভার্সিটিকে বলেছি যে, আপনারা তাড়াতাড়ি ভর্তি করেন। ও মা, উনারা নিজেরা নিজেরা এমন প্ল্যান করলেন, শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টকে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আদালতের স্থগিতাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনও বিষয়ে সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। শিক্ষকদের বিভিন্ন বিষয়ে হাইকোর্টে যাওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আদালতে যাওয়ার আগে বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করা হচ্ছে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে অপ্রয়োজনীয় নতুন বিভাগ খোলা উচিত নয়। বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে শিক্ষাক্রম সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারেন।

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরে শিক্ষক ও জনবল সংকটের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী দ্রুত জনবল কাঠামো নির্ধারণের তাগিদ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মধ্যে ফাইল চালাচালি এবং সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ বৈঠক ও আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত ও বাস্তবসম্মত প্রস্তাব দিতে হবে। কোন কাজ করা হবে, কত অর্থ প্রয়োজন এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারে। তবে প্রয়োজনে সরকারের সঙ্গে সমন্বয় করাও জরুরি। তিনি বলেন, ‘আপনাদের যদি বেশি কথা বলি, তো বলবেন, উই আর অটোনোমাস বডি, ১৯৭৪ অ্যাক্ট।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দাবি করতে পারে। তবে প্রয়োজনে সরকারের সঙ্গে সমন্বয় করাও জরুরি। তিনি বলেন, আপনাদের বেশি কিছু বলতে গেলে আপনারা বলবেন, উই আর অটোনোমাস বডি, ১৯৭৪ অ্যাক্ট। কিন্তু আপনাদের স্বায়ত্তশাসনের বিষয়টি ঠিকই থাকে। আবার যখন টাকার কথা আসে, তখন শিক্ষামন্ত্রীর কাছে প্রত্যাশা করেন—এটা কি ঠিক?

সরকার নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেশনজট নিরসন, গবেষণার বাস্তব প্রয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর