শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, দেশজুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক। তিনি আরও বলেন, তাই, আমি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।সর্বশেষ ১৯৮৫ সালে এমন ঠান্ডার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।সোমবার ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শপথ গ্রহণের সময় তাপমাত্রা ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) হবে। তবে ঠান্ডা বাতাসের কারণে এটি আরও কম অনুভূত হতে পারে।
এবার পরিকল্পনা বদলের ফলে প্রায় ২ লাখ ২০ হাজার টিকিটধারী অতিথি এবং ২ লাখ ৫০ হাজার সাধারণ মানুষ জাতীয় মলে অনুষ্ঠান দেখার সুযোগ হারাবেন।মার্কিন ইতিহাসে শীতকালীন অভিষেক অনুষ্ঠানের অনেক দৃষ্টান্ত রয়েছে। ২০০৯ সালে বারাক ওবামার প্রথম শপথ অনুষ্ঠানের সময় তাপমাত্রা ২৯ ডিগ্রি ফারেনহাইটে নেমেছিল।১৮৪১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের দীর্ঘ ভাষণ শীতল আবহাওয়ায় হয়েছিল, যা পরবর্তীতে তার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয়।তাপমাত্রা ও শীতকালীন পরিস্থিতি বিবেচনায় এবারের অভিষেক অনুষ্ঠানে নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র।







