ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার’-এর প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) বিক্ষোভের ডাক দেয় ওই সংগঠন। আগরতলার সার্কিট হাউস এলাকায় অবস্থিত গান্ধী মূর্তির সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি দিতে প্রবেশ করে।ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর-সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ভিসা অফিসের সামনে থেকে হিন্দু সংঘ সমিতির আন্দোলনকারীরা হঠাৎ নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙেও আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেশটির পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।