রাষ্ট্রপুঞ্জ ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসেবে চিহ্নিত করেছিল তাঁকে। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল তাঁর নাম। মাথার দাম ছিল ৩৫ কোটি টাকা। আফগানিস্তানের গণতান্ত্রিক সরকারের জমানায় কাবুলের ভারতীয় দূতাবাসে ফিদায়েঁ হামলার নেপথ্যেও তাঁরই চক্রান্ত ছিল বলে অভিযোগ। ঘটনাচক্রে, আফগানিস্তানের তালিবান সেই মন্ত্রী খলিল-উর-রেহমান হক্কানিকে এ বার মরতে হল আত্মঘাতী হামলাতেই!বুধবার দক্ষিণ-পশ্চিম কাবুলের কালা বক্তিয়ারপারায় আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলের দফতরে ঢুকে বিস্ফোরণ ঘটায় এক ‘ফিদায়েঁ’। সেখানেই মৃত্যু হয় তাঁর। কুখ্যাত ‘হক্কানি নেটওয়ার্ক’-এর অন্যতম শীর্ষনেতা খলিলের এই মৃত্যুর নেপথ্যে পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) রয়েছে বলে তালিবান নিয়ন্ত্রিত কাবুল পুলিশের প্রাথমিক ধারণা।