পাকিস্তানে বেলুচিস্তানের বিভিন্ন জেলায় ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ও ক্রসিং পয়েন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়েছে পাকিস্তানের বেলুচিস্তানে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তুরবত, পাঞ্জগুর ও গোয়াদার জেলায় ইরানের সঙ্গে থাকা সব সীমান্ত ও ক্রসিং পয়েন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।
পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, রোববার জেলাগুলোর উপকমিশনারদের দেওয়া একাধিক বিবৃতিতে জানানো হয়, ইরান সংলগ্ন ভ্রমণ করিডোর এবং গোয়াদর সংলগ্ন সব ইরানি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়াদারের ডিসি অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, “বেলুচিস্তান সরকারের নির্দেশনায় এই জেলার গাবদ-কালাতো সীমান্ত করিডোর বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগেই নির্দেশ দিয়েছেন, ইরানে অবস্থানরত পাকিস্তানিদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশবাসীকে ইরান ও ইরাকে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।