আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিহত অন্য দুই জেনারেল হলেন- হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।
তাদের মৃত্যুর পর এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ ও মহাকাশভিত্তিক সামরিক বাহিনী ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘প্রতিশোধ’ নেবে।এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘ইসরায়েলি সেনাবাহিনী আইআরজিসির শীর্ষ নেতাদের নিশানা করে হামলা চালিয়েছে। তাদের হত্যা করেছে। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে অবস্থান করছে। আর আমরা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোও হামলার নিশানা করছি।’







