অর্ধেকেরও বেশি ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল, যে পর্যায়ে এগুলোর চিকিৎসা করা সহজ এবং নিরাময়ের সম্ভাবনাও রয়েছে। আমেরিকান ফার্মাসিউটিক্যাল ফার্ম গ্রেইল এই পরীক্ষা চালিয়েছে। যার নাম দেওয়া হয়েছে গ্যালারি টেস্ট। এই পরীক্ষার মাধ্যমে ক্যানসার আক্রান্ত ডিএনএর অংশ শনাক্ত করা গেছে, যেগুলো কোনো টিউমার থেকে ভেঙে রক্তে সঞ্চালিত হচ্ছে।
গবেষক দলের প্রধান ও ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির রেডিয়েশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিমা নবাবিজাদেহ বলেন, এই তথ্যগুলো ক্যানসার শনাক্তের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে।
এই রক্ত পরীক্ষা প্রতি ১০টির মধ্যে ৯টির ক্ষেত্রেই সঠিকভাবে ক্যানসারের উৎস নির্ধারণ করতে পেরেছে। এই চমকপ্রদ ফলাফল ইঙ্গিত দেয়, এই রক্ত পরীক্ষা ভবিষ্যতে ক্যানসার আগেভাগে শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তবে গবেষণায় যুক্ত ছিলেন না এমন বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই রক্ত পরীক্ষা ক্যানসারজনিত মৃত্যুহার কমাতে পারে কি না, তা জানতে আরও প্রমাণ প্রয়োজন।
লন্ডনের দ্য ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের ট্রান্সলেশনাল ক্যানসার জেনেটিকসের অধ্যাপক ক্লেয়ার টার্নবুল বলেন, মৃত্যুহারকে চূড়ান্ত ফলাফল হিসেবে ধরে এবং নির্দিষ্ট ক্রমে বা নিয়মে নয়, এমনভাবে চালানো বিভিন্ন গবেষণা থেকে তথ্য পাওয়া খুব গুরুত্বপূর্ণ। গ্যালারি টেস্টের মাধ্যমে আগে ভাগে ক্যানসার শনাক্ত হওয়া মৃত্যুহার কমাচ্ছে কি না তা বোঝার জন্য এটা দরকার।
এই গবেষণার মূল ফলাফল বার্লিনে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি কংগ্রেসে শনিবার প্রকাশিত হবে। এর পূর্ণ বিবরণ এখনো অন্যদের দ্বারা মূল্যায়িত রূপে কোনো জার্নালে প্রকাশিত হয়নি।গবেষণার অনেকটাই নির্ভর করছে যুক্তরাজ্যে এনএইচএসের এক লাখ ৪০ হাজার রোগীর ওপর পরিচালিত তিন বছরের একটি ট্রায়ালের ফলাফলের ওপর, যা আগামী বছর প্রকাশিত হবে।
এনএইচএস আগেই জানিয়েছে, যদি ফলাফল ইতিবাচক হয়, তাহলে আরও ১০ লাখ মানুষের ওপর এই পরীক্ষা সম্প্রসারিত করা হবে। গ্রেইলের বায়োফার্মা বিভাগের প্রেসিডেন্ট স্যার হারপাল কুমার এই ফলাফলকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেছেন।
বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে তিনি বলেন, যে বিপুল সংখ্যক মানুষ ক্যানসারে মারা যান, তাদের অধিকাংশের ক্ষেত্রেই ক্যানসার অনেক দেরিতে শনাক্ত হয়। তিনি বলেন, অনেক ক্যানসার তখনই ধরা পড়ে যখন তা অত্যন্ত অগ্রসর পর্যায়ে পৌঁছে যায়। তাদের গবেষণার লক্ষ্য হচ্ছে ক্যানসার আগেভাগে শনাক্ত করা, যখন চিকিৎসা অনেক বেশি কার্যকর এবং সম্ভাব্যভাবে নিরাময়যোগ্য।
তবে ক্যানসার রিসার্চ ইউকের নাসের তুরাবি সতর্ক করে বলেন, এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন যাতে ক্যানসার নিয়ে অতিরিক্ত ফল না আসে, যা হয়তো ক্ষতি করত না। যুক্তরাজ্যের ন্যাশনাল স্ক্রিনিং কমিটি এই পরীক্ষাগুলোর গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।