জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন করতে পূর্ণশক্তি প্রয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন মোদী। সেই বৈঠকেই কাশ্মীরে শান্তি ফেরানোর কথা বলা হয়েছে। গত কয়েক দিন ধরে পর পর বেশ কিছু জঙ্গি হামলায় বিধ্বস্ত হয়েছে কাশ্মীর। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বৈঠক এবং কাশ্মীরের শান্তিরক্ষায় পূর্ণশক্তি প্রয়োগের নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ৯ জুন জম্মুর রিয়াসি থেকে জম্মুর কাটরার বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের বাসে হামলা করে জঙ্গিরা। পর পর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ওই বাস। চালক গুলিবিদ্ধ হলে বাসটি খাদে গড়িয়ে পড়ে। তার পরেও গুলি থামায়নি জঙ্গিরা। বাসের সকল যাত্রীর মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল তারা। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৩ জনের বেশি আহত হন। এ ছাড়াও গত কয়েক দিনে কাঠুয়া, ডোডা জেলায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটে। এক সিআরপিএফ জওয়ানেরও মৃত্যু হয়েছে ওই হামলায়। জখম হয়েছেন আরও অনেকে।
জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চিরুনিতল্লাশি করছেন আধিকারিকেরা। জঙ্গিদের পরিচিত গোপন ডেরায় হানা দেওয়া হচ্ছে মুহুর্মুহু। গোপন সূত্রে খবর পেয়ে অন্তত ৫০ জনকে আটক করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাশ্মীরের পরিস্থিতিকে যে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবারের বৈঠক থেকেই তা স্পষ্ট।