এখনও কথায় কথায়, প্রবীণেরা বলে থাকেন, তাঁদের সময় কম বয়সে লোহা খেয়ে হজম করেছেন। আর এখন ছোটবেলা থেকেই ছেলে-মেয়েরা পেটরোগা। পেটের সমস্যা আগেও ছিল, এখনও আছে। তবে ইদানীং অপেক্ষাকৃত কমবয়সিরাও ভুগছেন এই রোগে। চিকিৎসকেরা বলছেন, পেটের সমস্যার নেপথ্যে থাকতে পারে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজ়িজ়। এটি অন্ত্রের প্রদাহজনিত একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এই ধরনের সমস্যায় আন্ত্রিক একটি সাধারণ উপসর্গ। এ ছাড়া, বদহজম, খিদে কমে যাওয়া, পেটে অস্বস্তি, আচমকা পেট মুচড়ে ওঠা, এই ধরনের নানা লক্ষণ এতে হতে থাকে।
খাবার: আইবিডি বশে রাখার জন্য নির্দিষ্ট খাবারের তালিকা তৈরি করা যায় না। তবে দেখা গিয়েছে, যাঁরা এই সমস্যায় ভুগছেন তাঁদের ক্ষেত্রে ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার, তেল, ঝাল, মশলা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে পেটফাঁপা, পেটখারাপের মতো সমস্যা হলে কম মশলাদার ঘরোয়া খাবার খাওয়া ভাল।
মানসিক চাপ: মানসিক চাপ আইবিডি-র মতো প্রদাহজনিত অসুখের সমস্যা বহু গুণ বাড়িয়ে দিতে পারে। সেই মানসিক চাপ যদি ক্রমাগত চলতে থাকে, সমস্যামুক্তি কঠিন হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় পরিস্থিতির কারণে মানসিক চাপ বাড়ে। সে ক্ষেত্রে ধ্যান, প্রাণায়াম, শরীরচর্চার মাধ্যমে বা প্রয়োজনে চিকিৎসার সাহায্যে সেই চাপ বশে রাখা জরুরি।
শরীরচর্চা: নিয়মিত শরীরচর্চা, বিশেষত বিশেষ কিছু যোগাসন পেটের জন্য ভাল। অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে। হাঁটাহাঁটি, ব্যায়ামে হজম ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর ভাল থাকে।