সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

দেশে বছরে ব্রেন টিউমারে আক্রান্ত হয় প্রায় ২০ হাজার মানুষ

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

ব্রেন হেলথ অ্যান্ড প্রিভেশন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব ব্রেন টিউমার দিবস ২০২৪’ পালিত হয়েছে। রবিবার (৯ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে বিএসএমএমইউতে একটি শোভাযাত্রা এবং শহীদ ডা. মিল্টন হলে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস। সেমিনারে বলা হয়, বাংলাদেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেন টিউমারে আক্রান্ত হয়।  এরমধ্যে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মোহা. নূরুল হক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি বিএসএমএমইউ’র নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. জয়নুল ইসলাম, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. ফজলে এলাহী মিলাদ প্রমুখ রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের নিউরোসার্জনস ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. দ্বীন মোহা. নূরুল হক বলেন, বাংলাদেশে নিউরো সার্জারির অনেক উন্নতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নিউরোসার্জারির উন্নয়নে কাজ করছে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দেওয়া গেলে দেশে বিশ্বমানের নিউরোসার্জারি সেবা দেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের ২০টি বিভিন্ন সরকারি হাসপাতালে নিউরোসার্জারি চালু আছে। নিউরোসার্জারিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিএসএমএমইউ, ঢাকা মেডিক্যাল কলেজ, নিনস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ,  কম্বাইন্ড মেডিক্যাল হসপিটাল, রংপুর মেডিক্যাল কলেজে এমএস নিউরো সার্জারি কোর্স চালু করা হয়েছে। আশা করি, ২০৩২ সালে সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে সেবা চালু হবে । এতে প্রান্তিক জনগোষ্ঠী নিউরো সার্জারির সেবা পাবেন।


এই বিভাগের আরো খবর